রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলিতে পদচারী–সেতুতে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন মারা গেছেন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল হক (২৬)। তিনি ওই এলাকায় বিদ্যুৎমিস্ত্রির কাজ করতেন।

নিহত আবদুল হকের সহকর্মী সালাউদ্দিন জানান, বেলা আড়াই দিকে ওয়ারী থানাধীন টিকাটুলি হাটখোলা পদচারী–সেতুর নিচে একটি দোকানের সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন আবদুল হক। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বেলা পৌনে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজের পুলিশের ক্যাম্প উপপরিদর্শক বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনদের কেউ এখনো হাসপাতালে আসেননি।