রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বাড্ডায় গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিটন ব্যাপারী (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। দুপুর সাড়ে ১২টার দিকে উত্তর বাড্ডার পুরাতন থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে।
লিটনের বাড়ি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসাহা গ্রামে। তার পরিবার উত্তর বাড্ডার পুরাতন থানা রোড এলাকায় ইসাব আলীর বাড়িতে ভাড়া থাকত।
লিটনের বাবা জয়নাল আবেদীন জানান, দুপুরে বাসার সামনে ভেজা কাপড় নাড়ছিল লিটন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা ১টা ৫০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল প্রথম আলোকে বলেন, লিটন যে ঘরে থাকত সেটি টিনের। এর পাশ দিয়েই বিদ্যুতের লাইন গেছে। বৃষ্টিতে বিদ্যুতের লাইনের স্পর্শে পুরো বাড়িটিই বিদ্যুতায়িত হয়েছিল।