রাজধানীতে বিপুল মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৬
রাজধানীর কয়েকটি স্থান থেকে আলাদাভাবে চার হাজার বোতল ফেনসিডিল, ৫০০ গ্রাম হেরোইন ও দুই হাজার পিস ইয়াবাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার দুপুরে মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় মগবাজারের তাজ হোটেলের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ কবীর হোসেন (২৮) ও মো. মাসুম বিল্লাহকে (২৫) আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকার আনন্দ কমিউনিটি সেন্টারের সামনে থেকে চার হাজার বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন বাচ্চু মিয়া (২৮) ও মোহাম্মদ হজরত। রাতে আরেকটি অভিযানে রাজধানীর ভাটারার খিলবাড়িরটেক বউবাজার থেকে ৫০ লাখ টাকা মূল্যের আধা কেজি হেরোইনসহ আমিনুল ইসলাম (৩০) ও হারুনুর রশিদ (৪১) নামের দুজনকে আটক করা হয়। এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় তিনটি মামলা হয়েছে বলে পুলিশ জানায়। এসব মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।