রাজধানীতে বিস্ফোরক দ্রব্যসহ গ্রেপ্তার ৭
রাজধানীর গোড়ান এলাকার একটি বাড়িতে গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে আট কেজি বিস্ফোরক দ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
অভিযান পরিচালনাকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন দাবি করেন, ককটেল ও বোমা তৈরি, সরবরাহ এবং টাকার বিনিময়ে বিস্ফোরণ ঘটানোর কাজে জড়িত চক্রের খোঁজে অনেক দিন ধরে অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে গতকাল মধ্যরাতে গোড়ানের একটি বাড়িতে অভিযান চালায় ডিবি। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বাড়িটির ছাদে বসে বোমা বানাচ্ছিলেন। তাঁদের তথ্যের ভিত্তিতে ছাদের চিলেকোঠা থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তায় আট কেজি বিস্ফোরক পাওয়া যায়।
ডিবির এই কর্মকর্তা দাবি করেন, ওই সাতজনকে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, এর আগে হরতাল ও অবরোধে টাকার বিনিময়ে তাঁরা খিলগাঁও, কাকরাইল, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ এলাকায় বিস্ফোরণ ঘটিয়েছেন।