রাজধানীতে বিস্ফোরকসহ সাতজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর খিলগাঁও থেকে আট কেজি বিস্ফোরকসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রোববার তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিবি জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ইকবাল হোসেন, মমিনুল ইসলাম, অলি উদ্দিন চৌধুরী, কায়সার আহম্মেদ, আবদুল মালেক, রফিকুল ইসলাম ও রুবেল। তাঁদের মধ্যে প্রধান হচ্ছেন ইকবাল।
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, রোববার খিলগাঁও থানার পূর্ব গোড়ানের একটি বাসা থেকে ছয় সহযোগীসহ ইকবালকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ছাত্রশিবিরের বোমা প্রশিক্ষকের কাছে তিনি বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছেন।
মনিরুল ইসলাম বলেন, উদ্ধার করা বিস্ফোরক দ্রব্য দিয়ে প্রায় এক হাজার ৫০০টি মাঝারি ধরনের বোমা তৈরি করা সম্ভব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এর আগে এই চক্র ৪২ কেজি বিস্ফোরক বোমা তৈরির কাজে ব্যবহার করেছে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে স্পর্শকাতর কিছু তথ্যও পাওয়া গেছে। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
পুরস্কার ঘোষণা: ডিবি পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার সময় হাতেনাতে কোনো অপরাধীকে গ্রেপ্তারে কেউ সহায়তা করলে তাঁকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া ককটেল, হাতবোমা, পেট্রলবোমা নিক্ষেপের সময় সঙ্গে সঙ্গে অপরাধীকে গ্রেপ্তারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
গতকাল ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল বলেন, এর আগে মতিঝিলে নাশকতায় জড়িত কয়েকজনের ছবি দিয়ে তাঁদের পরিচয় সম্পর্কে তথ্য দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এ ব্যাপারে বিজ্ঞপ্তি ও বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। ইতিমধ্যে ওই ঘটনায় জড়িত সাতজনের পরিচয় সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ ছাড়া ছবির বাইরে থাকা নাশকতায় জড়িত অনেকের ব্যাপারে ইতিমধ্যে সচেতন অনেকে তথ্য দিয়েছেন।