রাজধানীতে বীরশ্রেষ্ঠ চত্বরের দাবি
দেশে সাতজন বীরশ্রেষ্ঠ আছেন, কিন্তু এই বীরশ্রেষ্ঠদের নাম, তাঁদের অবদান কী, তা হয়তো অনেকেই জানেন না। নতুন প্রজন্মকে তাঁদের সম্পর্কে জানাতে রাজধানীতে ‘বীরশ্রেষ্ঠ চত্বর’ তৈরি করতে হবে।গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানানো হয়। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন, উত্তরাধিকার ’৭১, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এ কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান বলেন, ২০০৬ সাল থেকে একটি চত্বর তৈরির দাবি জানানো হচ্ছে। কিন্তু সরকার এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও বলেন, ‘সরকার মতিউরনগর, হামিদুরনগরের নামকরণ করেছে। কিন্তু নামগুলোর আগে বীরশ্রেষ্ঠ লিখতে আপত্তি। গ্রামের মানুষ নাকি এত বড় নাম পড়তে পারবে না। অথচ আকিকা দিয়ে নয়, জীবন দিয়ে তাঁরা বীরশ্রেষ্ঠ উপাধিটি পেয়েছেন। ১০০ বছর পর এই মতিউর কোন মতিউর, তা কে মনে রাখবে।’ মিলি রহমান বলেন, বীরশ্রেষ্ঠ চত্বর থাকলে এক জায়গা থেকে সবাই পূর্ণাঙ্গ তথ্য পাবেন।মানববন্ধনে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য পরিষদের সভাপতি মোহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক আশরাফ হায়দার, মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আলী, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের পুত্রবধূর ভাই মো. আতিকুর রহমান, মতিউর রহমান ফাউন্ডেশনের সদস্য আখতারুজ্জামান প্রমুখ।