রাজধানীতে বৃষ্টিতে শীতের আমেজ
বসন্তের আগমনে উষ্ণতার ছোঁয়া পাওয়া রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে হালকা শীতের আমেজ ফিরে এসেছে। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে। দেশের অন্যান্য এলাকায়ও কমবেশি বৃষ্টি ঝরেছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামীকাল সোমবারও বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্য বিভাগগুলোর দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের বেশির ভাগ এলাকার আকাশ মেঘলা থাকতে পারে। ফলে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে রাতের তাপমাত্রায় তেমন একটা হেরফের হবে না।
রাজধানীতে বিকেলে বৃষ্টির সঙ্গে হালকা শীতল বাতাস বইতে শুরু করে। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ২ মিলিমিটার বৃষ্টি হয়। আর দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় চুয়াডাঙ্গায়, ১২ মিলিমিটার। দেশের অন্যান্য স্থানেও ১ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, আগামীকাল দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে বিকেলের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে, এরপর বৃষ্টি আর না–ও হতে পারে।
আগামীকাল সকালে রাজধানীতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। বেলা একটা থেকে তিনটা পর্যন্ত কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে বিকেল থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।