রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে, ছুরিকাঘাতে যুবককে খুন
রাজধানীর ওয়ারী এলাকায় গতকাল সোমবার রাতে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। প্রায় একই সময়ে ধলপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক খুন হয়েছেন। সূত্রাপুর থানা পুলিশ জানায়, ওয়ারীতে নিহত ব্যবসায়ীর নাম মো. মাসুম (৪০)। গতকাল রাত সোয়া ১০টার দিকে ওয়ারীর খ্রিষ্টান গোরস্থানের পাশে সন্ত্রাসীরা কাছ থেকে গুলি করে তাঁকে খুন করে। তাঁর বাসা ৫২/২ পদ্মনিধি লেনে।মাসুমের ভাই মো. হানিফ বলেন, রাতে তারাবির নামাজ শেষে বের হয়ে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীরা মাসুমকে গুলি করে। একটি গুলি মাথায় বিদ্ধ হয়। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকি ৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ধোলাইখালে তার পুরোনো বৈদ্যুতিক সামগ্রীর দোকান আছে।অন্যদিকে ধলপুরে নিহত মো. শাহীন (২৮) পুলিশের তথ্যদাতা (সোর্স) ছিলেন। শাহীনের ভাই শামীম জানান, যাত্রাবাড়ীর ধলপুরের সূতিখালপাড়ে তাঁদের বাড়ি। গতকাল রাত সাড়ে নয়টার দিকে শাহীন ও তাঁর বন্ধু নাদিম খালেকুজ্জামান গলির একটি লন্ড্রি থেকে কাপড় নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে পাঁচ-ছয়জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে। রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকি ৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। শামীম জানান, ছিনতাইকারীরা তাঁর ভাইকে খুন করেছে। তবে যাত্রাবাড়ী থানার পুলিশ বলছে, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে।