রাজধানীতে ব্লক রেইড জোরালো করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি ও সন্ত্রাসী ধরতে রাজধানীতে সন্দেহভাজন বাসাবাড়ি ও মেসে ব্লক রেইড জোরালো রাখতে হবে। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর চলমান এই ব্লক রেইড কোনোভাবেই শিথিল করা যাবে না।
ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে গতকাল বুধবার অনুষ্ঠিত অপরাধবিষয়ক সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়া মহানগর পুলিশকে এ নির্দেশ দেন। সভায় ডিএমপির ৪৯টি থানার জুলাই মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশ
কর্মকর্তাদের কাজের মূল্যায়ন করা হয়।
অপরাধ সভায় ডিএমপির সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সহকারী কমিশনার থেকে উপকমিশনার, গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেলা তিনটায় শুরু হয়ে সভা চলে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
সভা সূত্র জানায়, ডিএমপি কমিশনার সভা শেষে শ্রেষ্ঠ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন থানা ও বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থ পুরস্কার দেন। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদা আফরোজের দলকে জঙ্গি গ্রেপ্তারে শ্রেষ্ঠ দল ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, গুলশান হামলার পর রাজধানীসহ সারা দেশে জঙ্গিবিরোধী অভিযান শুরু হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে রাজধানীতে শুরু হয়েছে ব্লক রেইড। পুলিশ গত এক মাসে ৬০টি স্থানে ব্লড রেইড করেছে। এসব তল্লাশির সময় শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।