রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু
রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় নয়তলা একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. আবদুল্লাহ (১৯)। তাঁর বাবার নাম মনির হোসেন। কুড়িগ্রামের কালারচর এলাকায় তাঁর বাড়ি। আহত আবদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তাঁর সহকর্মী জহিরুল ইসলাম। তাঁর ভাষ্য, আজ সকালে আগারগাঁওয়ের বিএনপি বাজার এলাকায় একটি নয়তলা ভবনের তৃতীয় তলায় মাচার ওপর দাঁড়িয়ে কলামের কাজ করছিলেন আবদুল্লাহ। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তাঁকে উদ্ধার করে বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১-এর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক মোজাম্মেল হক বলেন, আবদুল্লাহর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।