রাজধানীর সেগুনবাগিচায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে আহত হওয়া মিজানুর রহমান (৩১) গত বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তবে মিজানুরের পরিবারের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শাহবাগ থানার পুলিশ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার বেলা তিনটার দিকে মিজানুর রহমান তোপখানা রোডের একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে তিনি মাথায় ও হাতে গুরুতর আঘাত পান। হাসপাতালে ভর্তির পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে তিনি মারা যান। নিহত মিজানুরের মা রোকেয়া বেগম অভিযোগ করেন, সজীব ও সবুজ নামের স্থানীয় দুই যুবকসহ আরও পাঁচ-ছয় যুবক মিজানুরকে মারধরের পর ভবন থেকে ফেলে দেয়। তিনি জানান, গত বুধবার দুপুর একটার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে সবুজ নামের এক যুবক মিজানুরকে বাসা থেকে ডেকে আনে। এরপর বেলা তিনটার দিকে এক দোকানি তাঁদের জানান, মিজানুর ছাদ থেকে পড়ে গেছেন। রোকেয়া বেগম জানান, গত বুধবার বিকেলে মিজানুরের জ্ঞান ফিরলে সে জানায়, সবুজ ও সজীবসহ আরও পাঁচ-ছয়জন তাকে লাঠি দিয়ে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়। রোকেয়া জানান, ছাদ থেকে পড়ে গেলে হাত-পা ভেঙে যাওয়ার কথা। কিন্তু মিজানুরের তা হয়নি। বরং তার মাথায় গুরুতর আঘাত ছিল। তা ছাড়া ওই ভবনের ছাদের চারদিকে উঁচু করে রেলিং দেওয়া। ধাক্কা দিয়ে ফেলা ছাড়া এখান থেকে দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার আশঙ্কা নেই। মিজানুরের ছোট ভাই বেনজু জানান, তোপখানা রোডের বসতবাড়ি নিয়ে স্থানীয় সজীবের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। কিছুদিন আগে সজীবের একটি মুঠোফোন হারিয়ে গেলে তিনি মিজানুরকে সন্দেহ করে মারধর করেন। এ নিয়ে সালিস বৈঠক হয়। এতে মারধরের জন্য সজীবকে শাসিয়ে দেওয়া হয়। পারিবারিক সূত্র জানায়, মিজানুর রহমান মা ও ভাইবোনদের নিয়ে সেগুনবাগিচায় একটি টিনশেড বাসায় থাকতেন। পেশায় তিনি ভ্যানচালক বলে জানা গেছে।এ ব্যাপারে থানায় হত্যা মামলা করা হবে বলে তিনি জানান।