রাজধানীতে ভারী বৃষ্টি, দেখা দিল জলাবদ্ধতা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার ভারী বৃষ্টি হয়। বিকেলে ২০ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীর অনেক এলাকা জলাবদ্ধতার কবলে পড়েছিল। গত দুই দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তির আভাস দিলেও জলাবদ্ধতা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বিকেল ৩টা ৫০ মিনিটে মেঘের গর্জন সঙ্গে নিয়ে বৃষ্টি নামে রাজধানীতে। সাড়ে চারটা পর্যন্ত টানা বৃষ্টি হয় ১৫ মিলিমিটারের ওপরে। কিছুক্ষণের বিরতি দিয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কখনো মুষলধারে, কখনো হালকা বৃষ্টি হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ২০ মিলিমিটার।
বিকেল পাঁচটার দিকে রামকৃষ্ণ মিশন রোডের পেয়াদা পাড়া মোড়ে দাঁড়িয়ে ছিলেন বয়োজ্যেষ্ঠ রহমতউল্লাহ। সেখানে জমে আছে হাঁটুপানি। ময়লা ওই পানি মাড়াতে গিয়ে চরম অসহায় বোধ করছিলেন তিনি। বললেন, ‘জলাবদ্ধতা প্রতিবছরই হয়। দুর্ভোগও পিছু ছাড়ে না। তবে আজ (গতকাল) টানা যে বজ্রপাত হচ্ছে, তা আমার স্মরণকালে আর হয়নি।’
বৃষ্টি থেকে বাঁচতে মতিঝিল মধুমিতা সিনেমা হলের বারান্দায় আশ্রয় নিয়েছিলেন একদল মানুষ। এঁদের মধ্যে আরামবাগের বাসিন্দা আবদুর রশীদ বলেন, প্রায় এক ঘণ্টা দাঁড়িয়েও কোনো রিকশা পাচ্ছেন না। তিনি বলেন, বেলা ১১টার দিকে বিশেষ প্রয়োজনে বেরিয়েছিলেন। সূর্যের তাপে মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। এখন চলছে বৃষ্টি আর জলাবদ্ধতার সমস্যা।
সন্ধ্যা ছয়টার দিকে দেখা গেল আরামবাগ, ফকিরের পুল মোড় ও আশপাশের এলাকার পানি আর পানি। ফকিরের পুল থেকে নয়াপল্টন যাওয়ার পথে তীব্র যানজট। জলাবদ্ধতা ছাড়াও নয়াপল্টনে একটি ভবনে আগুন লাগার কারণে সেখানে যানজট সৃষ্টি হয়েছিল বলে দায়িত্বরত একজন পুলিশ জানান।
>গত দুই দিনের তীব্র গরমের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তির আভাস দিলেও জলাবদ্ধতা নগরবাসীকে চরম ভোগান্তিতে ফেলে
রাজারবাগ পুলিশ হাসপাতালের সামনে যখন তীব্র যানজট, শান্তিনগর মোড়ে তখন প্রায় কোমর পানি। ইস্টার্ন প্লাস বিপণিবিতানের সামনে থেকে শান্তিনগর মোড় ছাড়িয়ে চারদিকে ব্যাপক যানজট চোখে পড়ে। আশপাশে মৌচাক, মালিবাগ, সার্কিট হাউস রোড, নয়াপল্টন, পুরানা পল্টন, গুলিস্তান, মতিঝিল, দিলকুশা, বংশালসহ পুরান ঢাকার অনেক এলাকায় পানি আর পানি। এ ছাড়া কে এম দাস লেন, অভয় দাস লেন, বৃষ্টিতে মতিঝিল বাণিজ্যিক এলাকা, দিলকুশা, পুরানা পল্টন, কাকরাইল, মৌচাক, মালিবাগ, শেরেবাংলা নগর, রামপুরা, পরীবাগ, মিরপুরের গোলচত্বর থেকে কাজীপাড়া, শেওড়াপাড়া, শুক্রাবাদ, পুরান ঢাকার অনেক এলাকায় গতকাল জলাবদ্ধতা হয়।
ঢাকা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক এ ডি এম কামরুল আলম চৌধুরী জানান, সেগুনবাগিচা বক্স কালভার্টে দৈনন্দিন গৃহস্থালি ও বারোয়ারি বর্জ্য জমে শক্ত হয়ে অনেকটা অংশ বন্ধ হয়ে যাওয়ার কারণে বৃষ্টি হলে আশপাশের এলাকায় পানি জমে। তবে ঢাকার কোথাও পানি বেশিক্ষণ জমে থাকে না।
অপর এক কর্মকর্তা বলেন, আগে ভারী বৃষ্টি হলে যেখানে ঘণ্টার পর ঘণ্টা পানি জমে থাকত, সেখানে এখন অল্প সময় পরই পানি সরে যায়। বিভিন্ন সীমাবদ্ধতা সত্ত্বেও ওয়াসা পানিনিষ্কাশনের ব্যবস্থা করছে বলে জানান ওই কর্মকর্তা।