রাজধানীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে আজ
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ক্যান্টনমেন্ট বোর্ডে আজ সোমবার ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে। ১০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা ভোটারদের তথ্য সংগ্রহ করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে গতকাল রোববার এ-বিষয়ক সংবাদ ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, নারী ভোটারের হার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় ইসি উদ্বিগ্ন। কারণ, আদমশুমারির সঙ্গে ভোটার তালিকার নারী ভোটারের হার মিলছে না।
সিইসি জানান, তিন কারণে নারী ভোটার কমে যাচ্ছে। প্রথমত, গ্রামে মেয়েদের বয়স বাড়িয়ে বললে বিয়ে দিতে সমস্যা হয়—এ ধারণা থেকে মা-বাবারা মেয়েদের বয়স কমিয়ে বলেন। দ্বিতীয়ত, ভোটার হওয়ার জন্য ছবি তুলতে হয়। পর্দা প্রথার কারণে অনেকে ছবি তুলতে চান না বলে তাঁরা ভোটার হন না। তৃতীয়ত, ভোটার হওয়ার জন্য জন্মনিবন্ধন সনদ লাগে। সনদ নিতে হলে সরকারকে ফি দিতে হয়। গ্রামের দরিদ্র নারীদের অনেকে ফি দিয়ে সনদ নিতে আগ্রহী নন। কেউ কেউ সনদ নেওয়াকে ঝামেলার কাজ মনে করেন। যে কারণে অনেকেই ভোটার তালিকার বাইরে থেকে যাচ্ছেন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে আলোচনা করে ইসি এ তথ্য পেয়েছে।
সিইসি বলেন, নারীরা যাতে ভোটার হন, সে জন্য এবার রেডিও-টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে প্রচার চালানো হচ্ছে।
ইসি সচিবালয় থেকে জানানো হয়েছে, ১৮ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট ওয়ার্ডের নিবন্ধন কেন্দ্রে ভোটারদের ছবি তোলার কাজ শুরু হবে। কেউ তথ্য সংগ্রহকারীর সাক্ষাৎ না পেলে তাঁরা নিবন্ধন কেন্দ্রে গিয়ে সরাসরি ভোটার হতে পারবেন। বর্তমানে ঢাকা উত্তর সিটির ভোটার সংখ্যা ২২ লাখ ৮৮ হাজার ৩৮৭, দক্ষিণ সিটির ভোটার ১৮ লাখ সাত হাজার ২৮৫ এবং ক্যান্টনমেন্ট বোর্ডের ভোটার সংখ্যা ৬২ হাজার ৪২৮ জন।