রাজধানীতে মরা মুরগি বিক্রির দায়ে দুজনের কারাদণ্ড
রাজধানীর তেজগাঁও এলাকায় মরা মুরগি বিক্রির দায়ে দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় দুজনের কাছ থেকে ১২০টি মরা মুরগি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার তেজগাঁও রেলস্টেশন এলাকায় মুরগির আড়তে র্যাব-২-এর নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। খবর বিজ্ঞপ্তির।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৪৫) ও ময়মনসিংহের সদর উপজেলার বড়বাড়ী এলাকার আসমা বেগম (৪০)। কারাদণ্ডের পাশাপাশি দুজনকে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া এ এইচ এম আনোয়ার পাশা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ভোর পাঁচটা থেকে বেলা ১১টা পর্যন্ত রেলস্টেশন মুরগির আড়তে অভিযান চালায় র্যাব-২। অভিযানে মরা মুরগি বিক্রির দায়ে দুজনকে ধরে তাত্ক্ষণিকভাবে কারাদণ্ড দিয়ে জেলে পাঠানো হয়।
দণ্ড পাওয়া দুজন ও ভ্রাম্যমাণ আদালতকে জানান, ঢাকার সবচেয়ে বড় তেজগাঁও রেলস্টেশন-সংলগ্ন মুরগির আড়তটি। এখানে প্রতিদিন দেড় লাখের বেশি মুরগি কেনা-বেচা হয়। এ মুরগিগুলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাকের মাধ্যমে ঢাকার আড়তে আনা হয়। ঢাকায় পৌঁছাতে অনেক ক্ষেত্রে ১০-১৫ ঘণ্টা সময় লেগে যায়। ফার্মের মুরগির সহনক্ষমতা কম হওয়ায় যাত্রাপথে গরমে হিটস্ট্রোক অথবা চাপে বেশ কিছু মুরগি মরে যায়। এভাবে দেড় লাখ মুরগির মধ্যে দুই থেকে তিন হাজার মুরগি মরে যায় এবং গরম বেশি পড়লে এর সংখ্যাও বেড়ে যায়। কোনো কোনো মুরগি পাঁচ থেকে সাত ঘণ্টা আগে মরে গন্ধ হয়ে যায়। মুরগির ট্রাক আড়তে ঢোকার সঙ্গে সঙ্গে ছয়-সাতজনের একটি চক্র সক্রিয় হয়। প্রতি ট্রাকে ১৫-২০টি মরা মুরগি পাওয়া যায়। চক্রটি এগুলো তাত্ক্ষণিকভাবে সংগ্রহ করে আড়তের আশেপাশে কোনো স্থানে বসে ছিলে ফেলে। যেসব মুরগি গন্ধ হয়ে যায়, সেগুলোতে লেবুর রস স্প্রে করে পলিথিনে ভরে সরিয়ে রাখে। একেকটি মুরগি তারা মাত্র ৪০-৫০ টাকায় বিক্রি করে বলে জানায়। আরেকটি চক্র তাদের কাছ থেকে কিনে নিয়ে উত্তরা, গুলশানসহ রাজধানীর বিভিন্ন স্থানে রেস্টুরেন্ট ও বিপণি বিতানে ১০০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করে।
ওই দুজন আরও জানান, অনেক নামকরা চায়নিজ রেস্টুরেন্ট ও ফাস্ট ফুডের দোকানের কর্মচারীরা মালিকের অজান্তে এ কাজটি করে লাভবান হন। আড়তের মুরগি ব্যবসায়ী এবং শ্রমিকেরা মরা মুরগি বিক্রেতাদের চিনলেও এ অপকর্মের প্রতিবাদ করতে তারা ভয় পান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগেও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কয়েকবার ধরা পড়েছিলেন বলে স্বীকার করেন।
অভিযানে আরও ছিলেন র্যাব-২-এর জ্যেষ্ঠ এএসপি বশির আহমেদসহ র্যাব-২ এর একটি চৌকস গোয়েন্দা দল।