রাজধানীতে মাইক্রোবাসের চাপায় পথচারীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনিরআখড়ায় একটি মাইক্রোবাসের চাপায় এক পথচারী মারা গেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম তোফাজ্জেল হোসেন (৬০)।
তোফাজ্জেল সিএনজি অটোরিকশার মালিক। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে। ক্ষুব্ধ জনতা গাড়িটি পুড়িয়ে দিয়ে প্রায় আধঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন।
তোফাজ্জেল হোসেনের খালাতো ভাই আবদুস সাত্তার বলেন, বিকেলে শনির আখড়ায় একটি সিএনজি পাম্পের সামনে ভাতিজা জসীমউদ্দীনকে নিয়ে দাঁড়িয়েছিলেন তোফাজ্জেল। এ সময় দ্রুত গতির একটি মাইক্রোবাস তাঁদের ধাক্কা দেয়। এতে জসীম উদ্দীনসহ বেশ কয়েকজন আহত হলেও ঘটনাস্থলে মারা যান তোফাজ্জেল। পরে আশপাশের লোকজন মাইক্রোবাসটিতে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। অবরোধের কারণে ওই এলাকায় প্রচণ্ড যানজট দেখা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, তাদের দুটি ইউনিট গিয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে।
পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার সৈয়দ নূরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাড়িটি পুড়ে গেছে। তবে এর চালক পালিয়ে গেছেন।