রাজধানীতে মাইক্রোর ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরে বাংলা নগর থানার তালতলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় সৈয়দ সাজেদুল ইসলাম নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি বেসরকারি গ্রিন ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ছিলেন।

আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে মাইক্রোবাসের চাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শেষ করে সাজেদুলসহ চার বন্ধু তালতলার দিকে যাচ্ছিলেন। তাঁরা রাস্তার ওপর দিয়ে হাঁটার সময় পেছন দিক থেকে একটি মাইক্রোবাস ফুটপাতের ওপর উঠে সাজেদুলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে স্থানীয় জনগণ মাইক্রোবাসটিকে ভাঙচুর করে। পুলিশ মাইক্রোবাস ও এর চালককে আটক করেছে।
গ্রিন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মাজহারুল ইসলাম জানান, নিহত সাজেদুল সেনপাড়া পর্বতা এলাকায় থাকতেন। তাঁর বাড়ি ফরিদপুরে। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম প্রথম আলোকে বলেন, মাইক্রোবাস ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। চালক নজরুল ইসলামকে আটক করা হয়েছে।