রাজধানীতে মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী জোটের ডাকা অবরোধ ও হরতালে আজ মঙ্গলবার রাজধানীর কয়েকটি এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে আটক করেছে পুলিশ।

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের তৃতীয় দফায় ডাকা টানা অবরোধের চতুর্থ দিন আজ।

শনিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই রাজপথ-রেলপথ-নৌপথ অবরোধ কর্মসূচি আজ ভোর ছয়টায় শেষ হওয়ার কথা ছিল। তবে তা আরও ৭২ ঘণ্টা বাড়িয়ে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত করা হয়েছে।

অন্যদিকে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী গতকাল সোমবারের মতো আজও সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া দলীয় নেতা কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি দিয়েছে দলটি।

আজ সকাল সাড়ে সাতটার দিকে খিলগাঁওয়ের সিপাহিবাগে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন। এ সময় তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একজনকে আটক করে পুলিশ।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ দাবি করেন, স্থানীয় জনতা ধাওয়া করলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যান। তবে পুলিশ একজনকে আটক করতে সক্ষম হয়েছে।

সকাল সাড়ে সাতটার আজিমপুর বাসস্ট্যান্ডের কাছে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। তাঁরা ককটেলের বিস্ফোরণ ঘটান। ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা পালিয়ে যান বলে জানিয়েছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

রাজধানীতে প্রচুর রিকশা, অটোরিকশা এবং বেশ কিছু গণপরিবহন ও গাড়ি চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়ছে।

১৮-দলীয় জোটের প্রথম দুই দফার অবরোধে প্রাণ হারান ৫৫ জন। গত সপ্তাহে দ্বিতীয় দফার টানা ১৩১ ঘণ্টা অবরোধে আহত দুজন পরে মারা যান। শনিবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া তৃতীয় দফার অবরোধে রোববার সুনামগঞ্জে সংঘর্ষে ছাত্রলীগের এক কর্মী নিহত হন। গতকাল নিহত হয় দুজন। সব মিলিয়ে অবরোধে এ পর্যন্ত প্রাণ হারালেন মোট ৬০ জন।