রাজধানীতে মিয়ানমারের আট নাগরিক গ্রেপ্তার
রাজধানীর সেগুনবাগিচায় গত শুক্রবার গভীর রাতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ মিয়ানমারের আটজন নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাঁদের এক দালালকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া দুটি বাংলাদেশি পাসপোর্টও জব্দ করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন মিয়ানমারের নাগরিক আবদুল কাদের (৩০), আলম (৪০), রফিক (২০), আবদুল মালেক (৩০), শফিক (২১), মো. জান্নাত উল্লাহ (১৮), জানে আলম (২৩), রেহানা আক্তার (১৮) ও দালাল ইয়াসিন (৩৭)। গ্রেপ্তার করা মিয়ানমারের নাগরিকেরা টেকনাফ ও মিয়ানমারের আঞ্চলিক ভাষায় কথা বলেন। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিবির উপকমিশনার মনিরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইয়াসিন একটি দালালচক্রের সদস্য। এই চক্র বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। চক্রটি ঢাকার বাইরের পাসপোর্ট অফিস থেকে জাল পাসপোর্ট তৈরি করে মিয়ানমারের নাগরিকদের সিঙ্গাপুর, থাইল্যান্ড, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশে পাঠায়। ওই সব দেশে গিয়ে রোহিঙ্গারা নানা অপরাধকর্মে জড়িয়ে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে। উপকমিশনার বলেন, দালালদের পাশাপাশি পুলিশ ও পাসপোর্ট কার্যালয়ের কিছু লোক মিয়ানমারের নাগরিকদের পাসপোর্ট করিয়ে দিচ্ছেন। তাঁদেরও শনাক্তের চেষ্টা চলছে।সংবাদ ব্রিফিং শেষে গ্রেপ্তার করা ব্যক্তিদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় ইয়াসিন জানান, রাজধানীর পল্টন টাওয়ারে একটি ট্রাভেল ও রিক্রুটিং এজেন্সির হয়ে তিনি দেশের বাইরে মানুষ পাচার করতেন। এর আগেও রোহিঙ্গাদের দেশের বাইরে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া রোজিনা জানান, তিনি দালালের খপ্পড়ে পড়ে গত ২৪ জুলাই মালয়েশিয়া থেকে ফিরে আসেন। এবার সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশে তিনি ঢাকা এসেছিলেন।