রাজধানীতে ম্যানহোলে পড়ে এক ব্যক্তির মৃত্যু
রাজধানীর পল্টনে কালভার্ট রোডে ঢাকা ওয়াসার খোলা ম্যানহোলে পড়ে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর পরিচয় জানা যায়নি। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক দিন ধরে কালভার্ট রোডের পল্টন টাওয়ারের সামনে ম্যানহোলের প্রায় ৪০ বর্গ ফুট আয়তনের একটি ঢাকনা খোলা ছিল। কিন্তু কোনো সতর্ক বার্তা বা চারপাশে সংকেত ছিল না। সন্ধ্যা সাড়ে ছয়টার সময় এই ব্যক্তি এর পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ম্যানহোলে পড়ে যান। এ সময় আশপাশের লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মীরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
সংবাদ শুনে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা ওয়াসার পরিচালক হাসিবুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ওই ম্যানহোলের গভীরতা প্রায় ১০ ফুট। ওয়াসার সংশ্লিষ্ট কর্মীরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে এ ধরনের ঘটনা ঘটত না। অজ্ঞাতনামা হিসেবে ওই ব্যক্তির লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়। বিষয়টি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ও ডিএসসিসির মেয়রকে জানানো হয়েছে।