রাজধানীতে যান চলাচল কিছুটা বেড়েছে
বেলা ১১টা। মিরপুর ১ নম্বর গোলচত্বরে যানজট। কর্তব্যরত ট্রাফিক পুলিশ বাঁশি ফুঁকিয়ে দায়িত্ব পালন করছেন। পাশের মুক্তবাংলা শপিং কমপ্লেক্সসহ আশপাশের প্রায় সব বিপণিবিতান খোলা। বেলা সাড়ে ১১টার দিকে মিরপুর ১০ নম্বরে গোল চত্বরের চিত্র ছিল প্রায় একই রকমের।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা সারা দেশে ৭২ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলও বেড়ে যায়। কিছু সড়কে যানজট লেগে যায়। ট্রাফিক পুলিশকে এসব সড়কে গতকাল ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে। আগের অবরোধ ও হরতালের চেয়ে গতকাল রাজধানীতে যানবাহন চলেছে বেশি, এতে যাত্রীও ছিল বেশি। জনমনে আতঙ্ক ছিল কিছুটা কম। এ কারণে কর্মব্যস্ত মানুষ ঘর থেকে বেরিয়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে শেওড়াপাড়ার মনিপুর স্কুল ও কলেজের তিন নম্বর শাখার সামনে বেগম রোকেয়া সরণিতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজটে আটকে পড়া বাসযাত্রী আমিনুল ইসলাম জানান, রাজধানীতে গত কয়েক দিনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা কম ঘটেছে। এসব কারণে রাস্তায় গাড়ি চলাচল বেড়েছে। আতঙ্কও অনেকটা কেটে গেছে। এ কারণে গুলিস্তানে একটি কাজে যাওয়ার জন্য তিনিও বাসে উঠেছেন।
সকাল নয়টার পর ঢাকার প্রবেশপথ সায়েদাবাদ-যাত্রাবাড়ী এলাকায় যানবাহন চলাচল করেছে স্বাভাবিক দিনগুলোর মতো। ছিল যাত্রীবাহী বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা-রিকশাভ্যান। একপর্যায়ে সেখানে সৃষ্টি হয় যানজট। যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক. আইডিয়াল স্কুলের সামনে এবং সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায়ও সকাল প্রায় ১০টা পর্যন্ত এমন দৃশ্য ছিল। ১০টার পর কাঁচপুরের কাছে সোনারগাঁও নয়াবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করা হয়েছে এমন খবরে কিছুক্ষণের জন্য যানবাহনের চাপ কমে যায়। বেলা ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।
গাবতলী-শ্যামপুর রুটের বাস, গাজীপুর-সায়েদাবাসের বলাকা পরিবহন আর যাত্রাবাড়ী লিমিটেডের বাস চলাচল করেছে দিনভর। যাত্রীও ছিল অন্যদিনের তুলনায় বেশি। মায়া পরিবহন নামের একটি বাসের সহকারী বরকতউল্লাহ জানান, আগের তুলনায় যাত্রী হচ্ছে অনেক বেশি। তাঁর মতে, বাসে আগুন ধরানোর ঘটনা কমেছে, এটা তারও ফল হতে পারে।
দুপুর ১২টার দিকে ফার্মগেট খামারবাড়ী সিগন্যালে যানবাহনের লম্বা সারি দেখা যায়। পাঁচজন ট্রাফিক সদস্য তখন যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। খামারবাড়ী সিগন্যালে থেমে থাকা একটি গাড়ির চালক আসলাম হোসেন জানান, তিনি একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (এনজিও) এক কর্মকর্তার গাড়ি চালান। গত কয়েক দিন টানা হরতাল-অবরোধে ছুটিই কাটিয়েছেন তিনি। এমনকি শুক্রবারেও তাঁর মালিক গাড়ি বের করতে দেননি। তবে গতকাল থেকে গাড়ির মালিক গাড়িতেই অফিসে গেছেন। দুপুরের পর বাংলামোটর ও রূপসী বাংলা সিগন্যালেও গাড়ির লম্বা সারি দেখা যায়।
সকাল আটটার দিকে পুরান ঢাকার নয়াবাজার, বংশাল, পোস্তাগোলা, জুরাইন ও দোলাইরপাড় এলাকায় সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান, পিকআপ, বাস, ট্রাক ও প্রাইভেটকার চলাচলে যানজট লেগে যায়।
পোস্তাগোলা থেকে যাত্রাবাড়ীগামী হিউম্যান হলার-লেগুনার চালক বশির মিয়া জানান, ভয় ও আতঙ্ক কাজ করলেও পেটের তাগিদে বেরিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবারের চেয়ে বুধবার যাত্রীর সংখ্যা বেশি।
তবে গতকাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী টর্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি, আসতেও পারেনি।