রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যা, ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাজারে আজমল হোসেন (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে দারুসসালাম এলাকার টোলারবাগে বাড়ির ছাদ থেকে পড়ে আবুল বাশার ওরফে সুমন (২৫) নামের এক যুবক মারা গেছেন।জানা যায়, গত শুক্রবার দুর্বৃত্তদের হামলায় আহত আজমলকে পুলিশ ধানমন্ডি লেকপাড় থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল শনিবার সকাল আটটার দিকে তিনি মারা যান। নিহত আজমলের পারিবারিক সূত্র জানায়, আজমল মা-বাবার সঙ্গে রায়েরবাজারের পাবনা হাউস গলিতে থাকতেন। শুক্রবার সকালে বন্ধু শাহীন ও স্বপন আজমলকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাসায় ফেরেননি। আজমলের মা সোনাবানু অভিযোগ করেন, শাহীন ও স্বপন তাঁর ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। আজমল ধানমন্ডি লেকপাড়ে চা বিক্রি করতেন। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূইয়া মাহবুব হাসান প্রথম আলোকে জানান, খোঁজ নিয়ে পুলিশ জানতে পেরেছে আজমল মাদকসেবী। মাদকসেবন নিয়ে কিংবা পূর্বশত্রুতার জের ধরে আজমলকে তাঁর সঙ্গীরা পিটিয়ে হত্যা করে থাকতে পারেন। ছাদ থেকে পড়ে পিয়নের মৃত্যু: শুক্রবার গভীর রাতে দারুসসালাম এলাকার টোলারবাগের একটি বাড়ির ছাদ থেকে পড়ে আবুল বাশার মারা যান। আবুল বাশার সুমন সড়ক ও জনপথ বিভাগের পিয়ন ছিলেন।