রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীর মতিঝিল থানা এলাকায় গতকাল শুক্রবার সন্ধ্যায় মো. শাওন (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।চলন্ত অবস্থায় ঘুড়ির সুতায় গলা কেটে যুবকটির মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত একজন চিকিৎসক জানিয়েছেন, এটি ধারালো অস্ত্রের আঘাতেও হতে পারে।স্থানীয় সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শাওন দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে এজিবি কলোনির মসজিদ মার্কেটের সামনে থেমে যান। এ সময় তাঁর গলা দিয়ে দরদর করে রক্ত ঝরছিল। স্থানীয় লোকজন ও বন্ধুরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান।শাওনের বন্ধু সাইদুল আলম প্রথম আলোকে বলেন, শাওন মুগদার মান্ডা এলাকায় থাকতেন। আগে থাকতেন এজিবি কলোনিতে। তাই কলোনিতে তাঁর আসা-যাওয়া ছিল। গতকাল সন্ধ্যার দিকে শাওন ও আরমান নামে তাঁর এক বন্ধু মোটরসাইকেলে কলোনির বন্ধুদের সঙ্গে দেখা করতে আসেন। শাওন একসময় আরমানকে নামিয়ে দিয়ে কলোনির বাজারের দিকে যান। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় ফিরে আসেন তিনি। মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) শেখ মফিজুর রহমান বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় কয়েকটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছিল। শাওন দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় ঘুড়ির সুতার সঙ্গে লেগে তাঁর গলা কেটে যায়। এসআই বলেন, ঘটনাস্থলে গিয়ে একটি গাছের সঙ্গে ঘুড়ি আটকে থাকতে দেখা গেছে। ঘটনার তদন্ত চলছে।