রাজধানীতে রাসায়নিকের ৮৫০টি অবৈধ গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকাসহ রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের এক হাজারের বেশি কারখানা ও গুদাম রয়েছে। এর মধ্যে ৮৫০টির বেশি গুদাম অবৈধভাবে পরিচালিত হচ্ছে। অথচ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আবাসিক এলাকায় রাসায়নিক পদার্থের কারখানা ও গুদাম পরিচালনার কোনো সুযোগ নেই।
গতকাল শনিবার দুপুরে কলাবাগানে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) কার্যালয়ে এক গোলটেবিল বৈঠকে বক্তরা এসব কথা বলেন। ‘কেমিক্যাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড: নিমতলী থেকে টাম্পাকো-টনক নড়বে কবে?’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে পবা।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, পুরান ঢাকার বিভিন্ন এলাকায় একই ভবনে রয়েছে শিল্পকারখানা, রাসায়নিক পদার্থের গুদাম, আবাসিক ফ্ল্যাট। অলিগলিতে গড়ে উঠছে প্লাস্টিক ও পলিথিনের কারখানা। অথচ এসব কারখানা ও গুদামে আগুন নেভানোর নিজস্ব কোনো ব্যবস্থা নেই। সরু সড়ক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকারও ব্যবস্থা নেই৷ এসব কারখানার অধিকাংশের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন, বিস্ফোরক অধিদপ্তর, শ্রম অধিদপ্তর, ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনের ছাড়পত্র নেই৷
বক্তারা বলেন, গত ১০ সেপ্টেম্বর টঙ্গীর টাম্পাকো অ্যালুমিনিয়াম ফয়েল প্যাকেজিং কারখানায় বিস্ফোরণ, অগ্নিকাণ্ডে ৩৯ জনের প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই কারখানায় জরুরি নির্গমনের কোনো পথ ছিল না। এর আগে গত ২২ আগস্ট চট্টগ্রামের আনোয়ারার ডিএপি ফার্টিলাইজার লিমিটেডে ৫০০ টন অ্যামোনিয়া গ্যাস ধারণক্ষমতার ট্যাংক বিস্ফোরিত হয়। এতে ৫০ জন আহতসহ বিভিন্ন প্রাণী ও উদ্ভিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অপরিকল্পিতভাবে এ ধরনের কারখানা গড়ে ওঠা ও সঠিক ব্যবস্থাপনার অভাবে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, আবাসিক এলাকা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম, শিল্পকারখানা ও দোকান সরিয়ে নেওয়া না হলে যেকোনো সময় নিমতলীর মতো আবারও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পুরান ঢাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় রাসায়নিকের গুদামের কারণে জনজীবন, জননিরাপত্তা, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য অত্যন্ত বিপজ্জনক। অবিলম্বে এই রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান সরাতে সরকারকে মহাপরিকল্পনা নিতে হবে।
গোলটেবিল বৈঠকে কেমিক্যাল-সংশ্লিষ্ট কারখানা নিয়ে করণীয় কিছু দিক উপস্থাপন করা হয়। তা হলো ঘনবসতিপূর্ণ পুরান ঢাকা থেকে বিপজ্জনক রাসায়নিক পদার্থের গুদাম, কারখানা ও দোকান সরিয়ে নেওয়া। এ ধরনের কারখানা, গুদামে সরকারকে অগ্নিনির্বাপক-ব্যবস্থা ও তাৎক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থাসহ একটি পরিকল্পিত এলাকা গড়ে তুলতে হবে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার সাধারণ সম্পাদক আবদুস সোবহান। এ সময় অন্যান্যের মধ্যে ব্যারিস্টার আমিরুল ইসলাম, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসানাত, নাগরিক উদ্যোগের সভাপতি নাজিম উদ্দিন, পবার সদস্য দিনা খাদিজা, মো. হাবিব প্রমুখ বক্তব্য দেন।