রাজধানীতে রিভলবার-শতাধিক গুলিসহ তিনজন আটক
রাজধানীর শেওড়াপাড়া, কল্যাণপুর ও পাইকপাড়া এলাকা থেকে দুটি বিদেশি রিভলবার ও শতাধিক গুলিসহ তিনজনকে আটক করেছে কাফরুল থানা পুলিশ। একই সঙ্গে তাঁদের কাছ থেকে ৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন হুমায়ুন কবির, লিখন ও হায়দার। আজ শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শেওড়াপাড়া থেকে প্রথমে গুলিসহ হুমায়ুন কবিরকে ধরা হয়। তাঁর কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কল্যাণপুরে লিখন ও হায়দারকে আটক করা হয়।
পুলিশের পল্লবী জোনের সহকারী কমিশনার (এসি) কামাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শেওড়াপাড়া, কল্যাণপুর ও পাইকপাড়া থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে দুটি রিভলবার ও শতাধিক গুলি উদ্ধার করা হয়েছে। অভিযান এখনো চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, এই তিনজন ডিশ ব্যবসায়ী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য নেওয়া হচ্ছে।