রাজধানীতে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর তেজগাঁও থেকে নাখালপাড়া পর্যন্ত রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযানে রেললাইনের দুই পাশের এক হাজারেরও বেশি দোকানপাট উচ্ছেদ করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ, রেলওয়ে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশ যৌথভাবে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
কমলাপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, আজকের উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুলিশ ও ঢাকা মহানগর পুলিশের তিন শতাধিক সদস্য অংশ নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার আবার উচ্ছেদ অভিযান চালানো হবে। তবে অভিযানের স্থান ও সময় পরে জানিয়ে দেওয়া হবে। আজকের উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে কোনো বাধার মুখোমুখি হতে হয়নি বলেও জানান তিনি।
অভিযান শেষ হওয়ার পর ভাঙা দোকানগুলোতে আবার মালামাল নিয়ে বসতে শুরু করেছেন দোকানিরা।
তাঁদের অভিযোগ, তাঁদের মালামাল সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়নি। এমনকি কোনো পূর্বঘোষণা না দিয়েই এ অভিযান চালানো হয়েছে।
পশ্চিম নাখালপাড়া এলাকার শুঁটকি ব্যবসায়ী মাওলানা ওলিউল মিয়া প্রথম আলোকে বলেন, সবাই বসলে এবং সুযোগ পেলে আবার তিনি দোকান নিয়ে বসবেন।
গত বৃহস্পতিবার সকালে রেলপথে মুহূর্তের বিভীষিকায় কারওয়ান বাজারে দুই ট্রেনের মাঝে পড়ে মারা যান চারজন এবং গুরুতর আহত হন পাঁচজন। এর পর থেকে রাজধানীতে এই উচ্ছেদ অভিযান শুরু হয়।