রাজধানীতে লাঠি-পতাকা নিয়ে আ.লীগের মিছিল
বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ প্রতিহত করার কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় পতাকা মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগ।
রাজধানীর কারওয়ান বাজার, সেগুনবাগিচা ও প্রেসক্লাব এলাকায় লাঠি ও ক্রিকেট স্ট্যাম্পে পতাকা বেঁধে মিছিল করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তাঁরা ‘পাকিস্তানের খালেদা, পাকিস্তানে চলে যা’ বলে স্লোগান দেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জামালউদ্দিন প্রথম আলোকে জানান, সাংগঠনিক থানা কলাবাগান, ধানমন্ডি. হাজারীবাগ, নিউমার্কেট, রমনা, লালবাগ, সূত্রাপুর, কোতোয়ালি, ডেমরা, শ্যামপুর, বিমানবন্দর, ক্যান্টনমেন্ট, খিলক্ষেত, উত্তরা, তুরাগ, কাফরুল, মিরপুর, পল্লবী, খিলগাঁও ও সুবাজবাগ এলাকায় একইভাবে পতাকা মিছিল করেছেন দলের নেতা-কর্মীরা।
এদিকে গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় একই সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা গণতন্ত্রের সঙ্গে হাস্যকর রসিকতা। আমরা কাল রাজনৈতিক ও সাংগঠনিকভাবে ঢাকার সব পথে পাহারায় থাকব। আর নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে কঠোর অবস্থানে।’ তিনি নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা গায়ে পড়ে উসকানি দেবেন না। যদি জনগণের জানমালের ক্ষতি হয়, তাহলে বসে থাকবেন না।’
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঢাকায় ঢোকার আটটি পয়েন্ট দিয়ে আগামীকাল যেন কোনো মাছিও না আসতে পারে।’ তিনি বলেন, ‘যদি এই পথ দিয়ে কোনো শয়তান ঢোকে, তাহলে সেখানকার দায়িত্বে থাকা নেতা-কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ওই সব কমিটি বিলুপ্ত করা হবে। আর যারা ভালো কাজ করবে, তাদের পুরস্কৃত করা হবে।’