রাজধানীতে শিবির পুলিশ সংঘর্ষ
স্বাধীনতা দিবসের সকালে গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হয়। এ সময় শিবিরের ১০ কর্মীকে আটক করা হয়।পুলিশ দাবি করেছে, নিরাপত্তার স্বার্থে বাধা দিতে গেলে শিবিরের কর্মীরা পুলিশের ওপর হামলা করেন। আর ছাত্রশিবিরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, তাদের স্বাধীনতা দিবসের শান্তিপূর্ণ শোভাযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। এতে শিবিরের ২১ জন কর্মী আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মগবাজার রেলগেট থেকে গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিশাল একটি ব্যানার নিয়ে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি শোভাযাত্রা বের হয়। ব্যানারে লেখা ছিল ‘স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি’। মিছিলটি এফডিসি মোড়ে পৌঁছে সমাবেশ শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিবিরের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া চলে। পুলিশ কাঁদানে গ্যাসের শেল, গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, লাল-সবুজের মাঝে চাঁদ-তারা খচিত পতাকা নিয়ে মিছিল বের করে জামায়াত। নিরাপত্তার স্বার্থে বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়।ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন রমনা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহমেদ।