রাজধানীতে শিবিরের বিক্ষিপ্ত মিছিল, গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দয়াগঞ্জে শিবিরের মিছিল।ছবি: প্রথম আলো
রাজধানীর দয়াগঞ্জে শিবিরের মিছিল।ছবি: প্রথম আলো

জামায়াতের ডাকা ১৩ ও ১৪ আগস্টের টানা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে আজ সোমবার দুপুরে রাজধানীর মিরপুর, ফকিরাপুল, দয়াগঞ্জ ও মগবাজারে মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।রাত সাড়ে আটটার দিকে হরতাল সমর্থকেরা ডেমরার সানারপারে একটি মাইক্রোবাসে আগুন দেয়।পরে আগুন নিভিয়ে ফেলে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল চারটার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনের বেনারশিপল্লির প্রধান ফটকের সামনে ৩০-৪০ জন মিছিল বের করেন।তাঁরা হরতালের সমর্থনে স্লোগান দিয়ে পাশে পুলিশ বক্সের দিকে ইটপাটকেল ছুড়তে থাকেন।মিছিল থেকে চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হলে পুলিশ ধাওয়া দিয়ে পাঁচজনকে আটক করে।

পল্লবী থানার ভ্রাম্যমাণ পরিদর্শক মো. সালাউদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আটক পাঁচজনকে পল্লবী থানায় নেওয়া হয়েছে।তিনি বলেন, মিছিলকারীরা কোনো দলের কর্মী নয়।হরতালের মতো কর্মসূচির আগে অর্থেণ বিনিময়ে এরা মিছিল করে অপ্রীতিকর ঘটনা ঘটায়।এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি। 

রাজধানীর দয়াগঞ্জে মিছিল শেষে রাস্তায় আগুন ধরিয়ে দেন শিবিরকর্মীরা। ছবি: প্রথম আলো
রাজধানীর দয়াগঞ্জে মিছিল শেষে রাস্তায় আগুন ধরিয়ে দেন শিবিরকর্মীরা। ছবি: প্রথম আলো

এর আগে আজ বেলা একটার দিকে ফকিরাপুল কাঁচাবাজারের পাশে আল হেলাল পুলিশ বক্সের কাছে বেশ কজন শিবিরকর্মী হরতালের সমর্থনে স্লোগান দিয়ে মিছিল বের করেন।ওই এলাকায় কতর্ব্যরত পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে একজন মিছিলকারীকে আটক করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল অঞ্চলের পুলিশের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে জানান, আটক ব্যক্তিকে মতিঝিল থানা নেওয়া হয়েছে।

এদিকে আজ বেলা ১১টায় মগবাজার থেকে ওয়্যারলেস গেটের দিকে বিশাল সেন্টারের পশ্চিম পাশে ১০-১২ জন শিবিরকর্মী হরতালের সমর্থনে মিছিল বের করেন।এ সময় মিছিলকারীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান ও ব্যানার পুড়িয়ে রাস্তার ওপর আগুন ধরিয়ে দেন।

এ ব্যাপারে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান প্রথম আলো ডটকমকে জানান, পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যান।

একই সময় দয়াগঞ্জ এলাকার মুরগিটোলায় শিবিরকর্মীরা মিছিল করে রাস্তায় আগুন ধরিয়ে দেন। গেন্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ সময় মিছিলকারীদের ছত্রভঙ্গ করে ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করা হয়েছে।