রাজধানীতে গর্ত থেকে শিশুর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুরের ভাসানটেকে আজ সোমবার সকাল আটটার দিকে নির্মাণাধীন লিফটের গর্ত থেকে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সাজিদ খান। সাজিদকে গতকাল রোববার দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওই গর্তে পানি জমে ছিল।
ভাসানটেক থানার পরিদর্শক (তদন্ত) এবিএম আসাদুজ্জামান জানান, নির্মাণাধীন বিআরবি কমপ্লেক্সে লিফট বসানোর কাজ চলছিল। লিফট বসানোর গর্তে পানি জমে ছিল। সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
আসাদুজ্জামান বলেন, সাজিদের বাবা ওসমান খান বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাঁরা বিআরবি কমপ্লেক্সের পাশের ভবনে থাকতেন।
সাজিদের বাবা ওসমান খানের বন্ধু সোহরাব হোসেন বলেন, গতকাল বেলা একটার দিকে শিশুটি খেলতে যায়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
শিশুটির লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।