রাজধানীতে শিশুসহ দুজন খুন
রাজধানীতে শিশুসহ দুজন খুন হয়েছে। এদের মধ্যে অজ্ঞাতনামা শিশুটির লাশ গতকাল শুক্রবার ওসমানী উদ্যান থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত অপরজন হলেন ইউসুফ মিয়া (১৮)। এ ছাড়া আরও দুজনের অপমৃত্যু হয়েছে।পুলিশ জানায়, খবর পেয়ে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার পুলিশ নগর ভবনের বিপরীতে ওসমানী উদ্যান থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার করে। লাশটি উদ্যানে থাকা কামানের কিছু দূরে মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল। আনুমানিক তিন বছর বয়সী শিশুটির গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তার গায়ের রং ফরসা। গায়ে ছিল সাদা গেঞ্জি।পুলিশের ধারণা, গত বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং লাশ মাটিচাপা দিয়ে গুমের চেষ্টা করে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, শিশুর লাশ উদ্ধারের ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।ভাটারা থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ইউসুফ জোয়ার সাহারার লিচুবাগানে তাঁর বাবা আবদুর রব মুন্সির রিকশার গ্যারেজে বসে ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক গ্যারেজে গিয়ে কয়েকজন রিকশাচালকের কাছে চাঁদা দাবি করলে তিনি বাধা দেন। এতে ওই যুবকেরা ইউসুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোর পাঁচটার দিকে তিনি মারা যান। তিনি পরিবারের সঙ্গে লিচুবাগান এলাকায় থাকতেন।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।দুজনের অপমৃত্যু: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বাড্ডা থানার মেরুল বাড্ডা বাসস্ট্যান্ডে গতকাল বেলা ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশা রেখে রাস্তা পার হচ্ছিলেন এর চালক মো. মোস্তফা (৪৫)। এ সময় আরেকটি অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে বেলা আড়াইটার দিকে তিনি মারা যান। মোস্তফার বাবার নাম মজিবুল হক, গ্রামের বাড়ি ভোলায়।মোহাম্মদপুর থানার এসআই রেজাউল করিম বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে থানার কাঁটাসুর রোড এলাকার একটি বাসা থেকে মিজানুর রহমান (৩০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বিষণ্নতা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। বিষণ্নতার কারণ নিশ্চিত হওয়া যায়নি।