রাজধানীতে শোবার ঘরে এবার তরুণী খুন
রাজধানীর দক্ষিণখানে গত সোমবার রাতে লিজা বেগম (১৮) নামের এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী হিসেবে পরিচয় দেওয়া মো. ইমনকে এ জন্য প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।পুলিশ জানিয়েছে, সোমবার মো. ইমন ফোন করে বাড়িওয়ালাকে বলেন, তাঁদের ফ্ল্যাটে ‘সমস্যা’ হয়েছে। গত শনিবার থেকে ওই ফ্ল্যাটের দরজায় তালা লাগানো ছিল। তখন বাড়িওয়ালা খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মেঝের ওপর তোশক দিয়ে পেঁচানো অবস্থায় লিজার লাশ উদ্ধার করে। তাঁর গলা কাটা ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশে পচন ধরে গিয়েছিল।হাজারীবাগে শোবার ঘরে গলা কেটে স্কুলছাত্রী তাসনিম রহমানকে হত্যার পরদিন এ হত্যার খবর পাওয়া গেল। বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, ইমন ও লিজা গত ১ আগস্ট স্বামী-স্ত্রী পরিচয়ে তৃতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন।পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তারা নিহত লিজার স্বামীকে সন্দেহ করছে। তাঁদের স্থায়ী ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় হত্যা মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত লিজার কোনো স্বজন যোগাযোগ করেননি।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দু-তিন দিন আগে লিজাকে হত্যা করা হয়েছে। বাড়িওয়ালার বরাত দিয়ে প্রথম আলোকে তিনি বলেন, ইমন ও লিজার মধ্যে ঝগড়া লেগেই থাকত। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ বলেন, ইমন ও লিজা আসলেই স্বামী-স্ত্রী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে লিজার সম্পর্কে শুধু জানা গেছে, তাঁর বাড়ি কক্সবাজারে।রাজধানীতে সাম্প্রতিক সময়ে নিজের বাসায় কয়েকজন খুন হয়েছেন। গত ২৩ আগস্ট কাঁঠালবাগানের বাসায় খুন হন ঠিকাদার জিয়াউল ইসলাম। ৩১ জুলাই হত্যাকাণ্ডের শিকার হন দক্ষিণখানের বাসিন্দা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার নাসিরউদ্দীন ও তাঁর স্ত্রী মাহমুদা খাতুন। এর তিন দিন আগেই গুলশানে শোবার ঘরে খুন করা হয় রং ব্যবসায়ী ফজলুল হককে।