রাজধানীতে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় তিনজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল মঙ্গলবার পৃথক তিনটি সড়ক ও ট্রেন দুর্ঘটনায় এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে পরিচ্ছন্নতাকর্মী খুকুমণি (৪০), আনিসুর রহমান (৩৫) পরিচয় পাওয়া গেছে। একজন অজ্ঞাতনামা। তিনটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক জানান, মঙ্গলবার ভোর চারটার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন খুকুমণি। এ সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন সহকর্মী বাবুল। ভোর পাঁচটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ক্যান্টনমেন্ট-জোয়ার সাহারা রেললাইনের মধ্যবর্তী স্থানে ট্রেনে উঠতে গিয়ে পড়ে মারা যান আনিসুর রহমান।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, চলন্ত একটি ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন আনিসুর রহমান। এ সময় ট্রেনের ধাক্কায় তিনি পড়ে যান। আনিসুরের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়।
এর আগে রাত দুইটার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের কুশল সেন্টারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পার হওয়ার সময় এক যুবক মারা যান।