রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গত বৃহস্পতিবার রাতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মানিক (৩৫) ও ইদ্রিছ আলী (৭০)। একই রাতে খিলক্ষেত থেকে আলমগীর হোসেন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে বনানীতে সৈনিক ক্লাবের কাছে বলাকা পরিবহনের একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে উঠে যায়। এতে মিনিবাসের দরজায় থাকা চালকের সহকারী মোহাম্মদ মানিক সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বনানী থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন সাংবাদিকদের জানান, মানিক গাজীপুরের টঙ্গীতে থাকতেন। তাঁর বাবার নাম মোশাররফ হাওলাদার। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকা মেডিকেল সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে ডেমরার আলোকচর এলাকায় একটি রিরোলিং মিলের সামনের সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় ইদ্রিছ আলী গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর রাত আড়াইটার দিকে তিনি মারা যান। তাঁর ছেলে মো. বাদল সাংবাদিকদের জানান, তাঁর বাবা ওই রোলিং মিলে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি খুলনায়।
এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে খিলক্ষেতের পূর্ব নামাপাড়ার বাসা থেকে রাজমিস্ত্রি আলমগীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে খিলক্ষেত থানার পুলিশ। ওই থানার এসআই একরামুল হক সাংবাদিকদের জানান, আলমগীর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনে নিষেধ করায় স্ত্রীর সঙ্গে তাঁর প্রায়ই ঝগড়া হতো। বৃহস্পতিবার রাতে এ নিয়ে ঝগড়ার জেরে তিনি আত্মহত্যা করেন। আলমগীরের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলপুরে। তাঁর বাবার নাম ফজর আলী। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।