রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
রাজধানীর শ্যামপুর ও মতিঝিলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আবুল কালাম (৫৫) ও নুরেজা বেগম (৪৫)। তাঁদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে শ্যামপুর ওয়াসা গেট এলাকার সালাম স্টিল মিলের সামনে একটি ট্রাক আবুল কালামকে চাপা দেয়। তিনি সালাম স্টিল মিলের নিরাপত্তা কর্মী ছিলেন। মিলের কর্মচারী রফিকুল ইসলাম তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।
এ দিকে বিকেল সাড়ে পাঁচটার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় বাসের ধাক্কায় নুরেজা বেগম নিহত হন। পুলিশ জানায়, শাপলা চত্বর এলাকায় রাস্তা পার হওয়ার সময় বিআরটিসির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশের মতিঝিলের ভ্রাম্যমাণ পরিদর্শক (পিআই) শেখ আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। তাঁকে আটকের চেষ্টা চলছে।
এ নিয়ে গত পাঁচ দিনে রাজধানীতে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের প্রাণহানি ঘটেছে।
এর আগে গত ২৯ নভেম্বর শনিবার রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বাসের চাপায় মারা যান প্রবীণ সাংবাদিক জগলুল আহমেদ চৌধূরী।
পরদিন রোববার মালিবাগে দুটি বাসের মাঝে আটকা পড়ে নিহত হন মোজাম্মেল হক কাঞ্চন নামের এক পথচারী।
গতকাল মঙ্গলবার মেরুল বাড্ডায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদী মোরশেদ নিহত হন।