রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাঁদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সকাল আটটার দিকে যাত্রাবাড়ী থানাধীন সাদ্দাম মার্কেটের সামনে মাইক্রোবাসের ধাক্কায় মো. সজীব (১৮) নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। তিনি সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন। তিনি ওই এলাকায় একটি আসবাবের দোকানে কাঠে নকশা করতেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর প্রথম আলোকে বলেন, ঘটনার পর চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছেন। লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গতকাল সকাল আটটার দিকে বিমানবন্দর গোলচত্বরে যাত্রী ছাউনিসংলগ্ন
সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তিনি নিহত হয়েছেন বলে বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।