রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
রাজধানীর পুরানা পল্টনে আজ বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় মো. মোস্তাফিজুর রহমান ওরফে মিন্টু (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রাত সোয়া আটটার দিকে পুরানা পল্টন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোস্তাফিজুর রহমান মুন্সিগঞ্জের জিয়াউর রহমানের ছেলে। তিনি টঙ্গী এলাকায় থাকতেন।
মোস্তাফিজুর রহমানের দুলাভাই আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, মোস্তাফিজুর পল্টনে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। আজ রাতে অফিস শেষে বাসে ওঠার জন্য তিনি পুরানা পল্টন মোড়ে আসেন। এ সময় যাত্রীবাহী একটি বাস তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে কর্তব্যরত চিকিৎসকেরা মোস্তাফিজকে মৃত ঘোষণা করেন। পরে তিনি হাসপাতালে গিয়ে লাশ শনাক্ত করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।