রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে মধ্য বাসাবো ও মতিঝিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন তেলু মিয়া (৪৮) ও মো. মাসুদ (১৮)।
সবুজবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমুল হোসেনের ভাষ্য, মধ্য বাসাবো বৌদ্ধ মন্দিরের সামনের সড়কে দুর্ঘটনার শিকার হন তেলু মিয়া। গতকাল দিবাগত রাতে কোনো একটি গাড়ি তাঁকে চাপা দিয়েছে। তিনি এ সময় রাস্তা পার হচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
গতকাল দিবাগত রাত ১২টার দিকে মতিঝিলে একটি ব্যাংকের সামনে ট্রাকের চাপায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মাসুদ। তাঁর চাচাতো ভাই এনায়েতুল্লাহর ভাষ্য, রাত একটার দিকে মাসুদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ভোররাতের দিকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ভোর পাঁচটার দিকে তিনি মারা যান।