রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগের নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে গতকাল সোমবার রাতে পুলিশের গুলিতে শাহ আলম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে রাজধানীর কদমতলী থানার জুরাইনে নিজ বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে ইসমাইল হোসেন মোল্লা (৫৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতা খুন হয়েছেন।ইসমাইলের ছেলে নূর মোহাম্মদ ও মেয়ে ডলি আক্তার জানান, রাত সাড়ে নয়টার দিকে কদমতলীর পূর্ব জুরাইনের ওয়াসা রোডের বাসায় ছিলেন তাঁরা। হঠাৎই বাড়ির সামনে গুলির শব্দ শুনে তাঁরা বাইরে যান। সেখানে তাঁরা ইসমাইলকে মাথায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।রাত ১১টার দিকে সরকারদলীয় স্থানীয় সাংসদ সানজিদা খানম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি সাংবাদিকদের বলেন, ইসমাইল শ্যামপুর ইউনিয়নের ৫৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সভাপতি ছিলেন।কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।পুলিশের গুলিতে মৃত্যু: পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ ও এনামুল হক দাবি করেন, রাত সোয়া আটটার দিকে পল্লবী প্লাজার সামনে পোস্ট অফিস গলিতে তিন যুবককে চ্যালেঞ্জ করা হলে তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হন। অন্য দুজন পালিয়ে যান। রাত পৌনে ১০টার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, পাঁচটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।