রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত
সন্ত্রাসীদের গুলিতে গতকাল সোমবার রাজধানীর মালিবাগে আসাদুজ্জামান বাবু (৩০) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত ও ওয়ারীতে খোকন নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন। আসাদুজ্জামান ইসলামপুরে কাপড়ের ব্যবসা করেন। আহত দোকান কর্মচারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে বড়ভাইসহ বাসায় ফিরছিলেন ব্যবসায়ী আসাদুজ্জামান। মালিবাগ বাজার রোডের বাড়িতে ঢোকার সময় সন্ত্রাসীরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। তাঁর শরীরে চারটি গুলি লাগে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এদিকে সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ওয়ারীর মর্ডান ট্রেডিং এজেন্সি নামের একটি তেলের দোকানে গতকাল দিনের বেচাকেনা শেষে হিসাবনিকাশ চলছিল। রাত সাড়ে আটটার দিকে তিন যুবক ফটকের সামনে এসে কর্মচারী খোকনকে ফটক খুলতে বলে। অস্বীকৃতি জানালে খোকনের দুই পায়ের হাঁটুতে গুলি করে চলে যায় সন্ত্রাসীরা।