রাজধানীতে সন্দেহভাজন দুই সোনা চোরাকারবারি গ্রেপ্তার
রাজধানী থেকে সন্দেহভাজন দুজন সোনা চোরাকারবারিকে গ্রেপ্তার করেছেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এ কে এম শামসুদ্দিন (৫১) ও মো. কামরুল হাসান (৪০)। তাঁদের কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধারের দাবি করা হয়েছে। এর ওজন প্রায় সাড়ে নয় কেজি।
শামসুদ্দিন ফকিরাপুল এলাকার ১২৯ ডিআইটি এক্সটেশন রোডে আমিন মানি এক্সচেঞ্জ এবং কামরুল ৪৮/এবি পুরানা পল্টনের সিটি মানি এক্সচেঞ্জের মালিক। এই দুজন মানি এক্সচেঞ্জের আড়ালে সোনা চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত বলে পুলিশ দাবি করেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় মিন্টো রোডে ডিএমপির তথ্যকেন্দ্রে এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান। তাঁর দাবি, গ্রেপ্তার দুই ব্যক্তি মানি এক্সচেঞ্জের ব্যবসার আড়ালে স্বর্ণ চোরাচালানের অর্থ হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠাতেন। একসময় তাঁরা সোনা চোরাচালানের সঙ্গে সরাসরি জড়িত হয়ে পড়েন।
ডিবির যুগ্ম কমিশনার জানান, ডিবি ২ জুন সোনা চোরাচালানের মূলহোতা নজরুল ইসলাম লিটনসহ ১০ জনকে ৭০টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার করে। এঁরা ২৪ এপ্রিল বিমানবন্দরে আটক হওয়া ১০৫ কেজি সোনা পাচারের সঙ্গে জড়িত। এঁদের আটকের ঘটনায় পল্টন থানায় একটি মামলা করা হয়।
আদালত গ্রেপ্তার ব্যক্তিদের চার দিন করে রিমান্ড মঞ্জুর করলে তাঁরা সোনা চোরাচালানে জড়িত ব্যক্তিদের সম্পর্কে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা শামসুদ্দিন ও কামরুলের নামও প্রকাশ করেন।
ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম আরও জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে শামসুদ্দিনকে তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান আমিন মানি এক্সচেঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সোনা চোরাচালানের সঙ্গে জড়িত কামরুলসহ আরও কয়েকজনের নাম প্রকাশ করেন। পরে গতকাল রাতেই কামরুলকে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। শামসুদ্দিন তাঁর বাসায় সোনার বার মজুত রাখার কথা জানান। ওই রাতেই অভিযান চালিয়ে তাঁর বাসার লকার থেকে ৮০টি সোনার বার উদ্ধার করা হয়। প্রায় সাড়ে নয় কেজি সোনার মূল্য সাড়ে চার কোটি টাকা।