
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর সহিংস হামলার প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন বাম রাজনৈতিক দল, সামাজিক-নাগরিক-সাংস্কৃতিক সংগঠন। রাজধানীর জাতীয় প্রেসক্লাব ও জাতীয় জাদুঘরের সামনে গতকাল বুধবার বিকেলে একাধিক প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন ও মিছিলের আয়োজন করে সংগঠনগুলো। এসব আয়োজনে হামলা রোধে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করা হয়।
সরকার ও নির্বাচন কমিশনের নাগরিকদের সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে বলেও অভিযোগ করা হয়। সংখ্যালঘুদের ওপর হামলায় বিরোধী দলের সম্পৃক্ততার অভিযোগ এনে তাদেরও সমালোচনা করেন বক্তারা। একই সঙ্গে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানানো হয়।
‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে প্রগতিশীল সংগঠনসমূহ’ এই ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিভিন্ন গণসংগঠন। এখান থেকে একটি মিছিল নিয়ে সংগঠনগুলো শাহবাগের প্রজন্ম চত্বরে গিয়ে সমাবেশ করে।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এম আকাশ বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলে পরিকল্পিত সন্ত্রাস হ্রাস পাবে। নিষিদ্ধের পাশাপাশি জামায়াতের অর্থনৈতিক উৎসও বন্ধ করতে হবে। তিনি বলেন, বিএনপির ভোট আছে, কিন্তু সংগঠিত শক্তি নেই। অন্যদিকে জামায়াতের ভোট নেই, কিন্তু সংগঠিত শক্তি আছে। তাই বিএনপি জামায়াতকে সহজে ছাড়বে না।
প্রগতি লেখক সংঘের সাংগঠনিক সম্পাদক অভিনু কিবরিয়া ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন যুব ইউনিয়নের সভাপতি কাফি রতন। আরও বক্তব্য দেন কৃষক সমিতির সভাপতি মোরশেদ আলী, উদীচীর সহসভাপতি মাহমুদ সেলিম। এ সমাবেশে সংহতি জানায় ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ক্ষেতমজুর সমিতি, প্রগতি লেখক সংঘ, বস্তিবাসী ইউনিয়ন, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, প্রাইভেট কার ড্রাইভারস ইউনিয়ন, ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ও ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট।
সমাবেশের পাশাপাশি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ‘লেখক-শিল্পী-সংস্কৃতি কর্মী-শিক্ষক-ছাত্র-শ্রমজীবী ও রাজনৈতিক কর্মীবৃন্দে’র ব্যানারে সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। সাম্প্রদায়িক হামলা প্রতিরোধে পৃথক আইন ও স্থায়ী সংস্থার দাবি তোলা হয় সমাবেশে।
সমাবেশে শিক্ষাবিদ এ এন রাশেদা সরকার ও বিরোধী দলের তীব্র সমালোচনা করে বলেন, ‘দেশে বীভৎস হামলা হচ্ছে অথচ কারও কোনো ভ্রূক্ষেপ নেই। প্রধানমন্ত্রী হাসেন, বিরোধী দলের নেত্রীও হাসেন।’
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ ্রসম্পাদক সাইফুল হক বলেন, ‘সংখ্যালঘুদের নির্বাচনের কাঁচামালে পরিণত করা হয়েছে। ভোট দিলেও নির্যাতন, না দিলেও নিপীড়ন।’
আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া বলেন, ‘সংখ্যালঘুরা হয়ে গেছে মন্দিরের ঘণ্টার মতো। যার ইচ্ছা সে বাজিয়ে যায়।’
সমাবেশে আরও বক্তব্য দেন নারীনেত্রী খুশী কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফাহমিদুল হক, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকী, সংস্কৃতিকর্মী কফিল আহমেদ, অরূপ রাহী প্রমুখ।
শাহবাগেই সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে নাগরিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন)। বিকেল সাড়ে তিনটায় জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচিতে বিচারপতি কাজী এবাদুল হক বলেন, সংখ্যালঘুদের ওপর হামলায় বিরোধীদলীয় নেত্রী নিশ্চুপ রয়েছেন। এটা দুঃখজনক। সরকারের প্রতি এসব হামলা কঠোরভাবে দমন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব পুলিশ সদস্য গাফিলতি করবে, তাদেরও শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে অনেক দিন ধরে এ ধরনের ঘটনা ঘটছে। রামুর ঘটনায় কাউকে শাস্তি দেওয়া হয়নি। রাজনৈতিক বিবেচনায় তাঁরা মুক্তি পেয়েছেন। এভাবে যদি অপরাধী নিষ্কৃতি পেয়ে যায়, তবে অপরাধ সংঘটনকারীরা উৎসাহ পায়।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেন, ‘নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল সহিংসতা মোকাবিলা করার সব ধরনের প্রস্তুতি রাখা। কিন্তু তারা ব্যর্থ হয়েছে।’
সমাবেশে আরও বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, দৈনিক সমকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক আবু সাঈদ খান প্রমুখ।
গতকাল ‘নাশকতা, সহিংসতা ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়াও’ এ স্লোগানে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে ঐক্য ন্যাপ।