রাজধানীতে সশস্ত্র নয় ডাকাত গ্রেপ্তার
রাজধানীর ভাসানটেক ও কারওয়ান বাজার থেকে নয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ককটেলসহ একটি ট্রাক উদ্ধার করা হয়। গতকাল শনিবার গভীর রাতে ভাসানটেক থানার পুলিশ আলাদা দুটি অভিযানে এদের গ্রেপ্তার করে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির গণমাধ্যম শাখা।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের সূত্রে ভাসানটেক থানার পুলিশ রাত আড়াইটার দিকে থানা এলাকা থেকে ছয় ডাকাতকে গ্রেপ্তার করে। এঁরা হলেন মেহেদী হাসান রানা, তোফাজ্জল ইসলাম, লিয়াকত আলী, নান্নু মিয়া, যুবরাজ ও রফিকুল। ছয় ডাকাতকে থানায় নিয়ে আসার পর জিজ্ঞাসাবাদের মুখে তাঁদের আরও তিন সহযোগীর নাম ও অবস্থান সম্পর্কে তথ্য দেন।
পরে ভাসানটেক থানা পুলিশের একটি বিশেষ দল ভোররাতে কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করে। এঁরা হলেন শাহজাহান, হিমেল ও আলফাজ। তাঁদের কাছ থেকে আটটি ককটেল, আটটি চাপাতি, গ্রিল ভাঙার দুটি মেশিন, সিন্দুক ভাঙার কাজে ব্যবহূত একটি যন্ত্র, একটি শাবল, একটি হ্যাক শ ব্লেড, একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ডাকাত চক্র লুণ্ঠিত মালামাল বহন করার জন্য যে ট্রাকটি ব্যবহার করে, সেটিও আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।