রাজধানীতে নয়টি গাড়িতে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রাবাড়ী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা
যাত্রাবাড়ী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: ফোকাস বাংলা

রাজধানীর যাত্রাবাড়ী, ফকিরেরপুল, শান্তিনগর, বঙ্গবাজার, গুলিস্তান, খিলগাঁও, আগারগাঁও ও মহাখালীতে নয়টি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৮৪ ঘণ্টা হরতাল শুরুর আগের দিন এ ঘটনা ঘটল।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ জানায়, তাদের জানামতে সকাল থেকে এ পর্যন্ত নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট এলাকায় অবস্থান করছে।

যাত্রাবাড়ী: সকাল সাড়ে নয়টার দিকে কুতুবখালী এলাকায় বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাসটির আগুন নেভান। তবে তার আগেই বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে। পুলিশও ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম।

মহাখালী: মহাখালীর তিতুমীর কলেজের সামনে আজ বেলা ১১টা ৪০ মিনিটে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসান প্রথম আলো ডটকমকে জানান, বাসটি বিআরটিসির তিতুমীর কলেজের। যাত্রীবেশে দুর্বৃত্তরা বাসে চড়ে তিতুমীর কলেজের সামনে গিয়ে আগুন দেয়। এ সময় তিতুমীর কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে আশিক নামের একজনকে ধরে ফেলেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

আশিকের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে ভূঁইয়া মাহবুব হাসান জানান, তিতুমীর কলেজের ছাত্রদলের নেতা মেহেদী বাসে আগুন দিতে আশিককে ভাড়া করেন। মেহেদীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

ফকিরেরপুল

ফকিরেরপুলের পুলিশ হাসপাতালের সামনে দুপুর সোয়া ১২টার দিকে একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশের গাড়িতে আগুন

শান্তিনগরে একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের সহকারী কমিশনার আবু ইউসুফের ব্যবহূত মাইক্রোবাসটি রাজারবাগে মেরামত শেষে মিন্টো রোডে পুলিশ কার্যালয়ে ফিরছিল। ঘটনার সময় গাড়িতে চালক ছাড়া আর কেউ ছিলেন না। গাড়িটিতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের পর ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলেন।

বঙ্গবাজার-গুলিস্তান

মাগরিবের পরপরই গুলিস্তানের গোলাপ শাহ মাজার ও বঙ্গবাজারে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একটি বাস ছিল গুলিস্তান-কেরানীগঞ্জ রুটের। আরেকটি গুলিস্তান-বনশ্রী রুটের প্রভাতি বনশ্রী গাড়িতে দুর্বৃত্তরা। যাত্রীবেশী দুর্বৃত্তরা নামার সময় আগুন দেয়।

গুলিস্তান সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নাসিরউদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘প্রতি বাসে আগুন দেওয়ান ধরন একই। যাত্রীবেশী দুর্বৃত্তরা নেমে যাওয়ার  সময় বাস দুটিতে আগুন দিয়েছে।’

খিলগাঁও

রাজধানীর খিলগাঁও এলাকায় একটি মাইক্রোবাসে আগুন দেয় দুর্বৃত্তরা।স্থানীয় লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগারগাঁও

রাজধানীর আগরগাঁওয়ের তালতলায় জাবাল-এ নূর নামের একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশী দুই যুবক নামার সময় আগুন দিয়ে দ্রুত সটকে পড়েন।