রাজধানীতে সাতজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে গত দুদিনে পৃথক ঘটনায় বুদ্ধিপ্রতিবন্ধী শিশুসহ সাতজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় ও একজন নির্মাণাধীন বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন। বাকি পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুরের ভাড়া বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ঝুলে পড়ে বুদ্ধিপ্রতিবন্ধী শিশু আশা মণি (১২)। গোঙানির শব্দে প্রতিবেশীরা সিলিং ফ্যান থেকে তাকে উদ্ধার করে সংজ্ঞাহীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাত নয়টার দিকে আগারগাঁও বিএনপি বাজারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ ওয়াদুদ মোল্লা (৬৫) আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর বাড়ি ভোলার চরবেধুড়ায়। এক মাস আগে তিনি গ্রাম থেকে আগারগাঁওয়ে ছেলের বাসায় বেড়াতে এসেছিলেন।
বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড্ডার ডিআইটি প্রকল্পে নির্মাণাধীন ছয়তলা বাড়ির ছাদে পানি দেওয়ার সময় পা ফসকে পড়ে মারা যান স্যানিটারি ঠিকাদার রফিকুল ইসলাম (৩০)। গত মঙ্গলবার রাতে পুলিশ মোহাম্মদপুরের বাবরি মসজিদের কাছে একটি বাসা থেকে ১১ বছরের শিশু হিমেল কাজীর লাশ উদ্ধার করে। তার বাবা হেদায়েতুল ইসলাম ও মা ঘটনার সময় বাইরে ছিলেন।
হিমেলের দাদা শাহাদত হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর হিমেলের মা-বাবা বাসায় ফিরে দেখেন ভেতর থেকে দরজা লাগানো। দরজা ভেঙে হিমেলকে গ্রিলের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে থাকতে দেখেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার রাতে পুলিশ উত্তরা পূর্ব থানার শাহজালাল অ্যাভিনিউর একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় সোহাগী (১৫) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
মঙ্গলবার গভীর রাতে পুলিশ উত্তরখানের খ্রিষ্টানপাড়ার একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ডোনাল্ড পিরিচ (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে। পুলিশ বলেছে, ডোনাল্ড স্নাতক পাস করলেও দীর্ঘদিন বেকার ছিলেন। এ কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। মঙ্গলবার রাতে বনানী থানার পুলিশ মহাখালীর কড়াইল বস্তির একটি ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় গৃহবধূ হালিমা বেগমের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধার করে।