রাজধানীতে সাপ্তাহিক হাট

সপ্তাহের এক দিন বসা ‘সাপ্তাহিক হাট’ গ্রামে খুবই পরিচিত হলেও শহরের ক্ষেত্রে বেশ বেমানান। আর সেটা যদি হয় খোদ রাজধানীতে, তাহলে বিস্ময় জাগারই কথা। প্রতি বুধবারে বসা মেরাদিয়ার সাপ্তাহিক হাট বেশ বিখ্যাত। বুধবার ভোর থেকে হাটুরের দল নৌকা করে পণ্য নিয়ে হাজির হন। রোদ-গরম, ঝড়-বৃষ্টি—যা-ই হোক, হাট বসবেই।
মেরাদিয়ার হাট স্থানীয় ব্যক্তিদের ভাষায় ‘মেরাইদ্দা’ নামে পরিচিত। এখানে প্রয়োজনীয় সব ধরনের জিনিসই পাওয়া যায়। শাকসবজি থেকে শুরু করে ঘরের আসবাব, কাচের জিনিস, হাঁড়ি-পাতিল, বিছানার চাদর, নারীদের জামাকাপড়—সবই পাওয়া যায়। এর মধ্যে নারীদের জিনিসপত্র একটু বেশি পাওয়া যায় বলে হাটে নারীদের ভিড় একটু বেশি।
মেরাদিয়ার হাটের নির্দিষ্ট কোনো পরিসর নেই। হাট কখনো ছোট পরিসরে হয়, আবার কখনো তা বনশ্রীর আবাসিক ব্লকের ভেতর পর্যন্ত চলে যায়। তবে মোটামুটি বলতে গেলে, বনশ্রী জি ব্লকের আল-রাজী হাসপাতাল থেকে শুরু হয়ে পূর্ব দিকে ফয়জুর রহমান আইডিয়াল স্কুল পর্যন্ত এর বিস্তৃতি।
স্থানীয় লোকের কাছে এ হাট খুবই জনপ্রিয়। গত বুধবার দেখা যায়, ক্রেতা-বিক্রেতায় সরগরম বিশাল এলাকা। বিক্রেতারা কেউ গাছ থেকে পেড়ে এনেছেন কাঁচা সুপারির ঝাড়, কেউ এনেছেন দুধ, কেউ বিক্রি করছেন মাছ ধরার পলো, পাটি, কেউ গুড়। সবচেয়ে বেশি দেখা যায় কাপড়ের দোকান।
বনশ্রীর বাসিন্দা জান্নাতুল ফেরদৌস বলেন, ‘মুরব্বিদের মুখে গ্রামের হাট নিয়ে গল্প শুনেছি। আর ঢাকার ভেতরে এমন হাট প্রথমে অবাক লাগত। এখন সারা সপ্তাহে কী কিনব, তা লিখে রাখি। প্রয়োজনীয় সব জিনিসই হাটে পাওয়া যায়। হাটের দিন ঘুরে ঘুরে কেনাকাটা করা যায়।’
হাটের পূর্ব পাশে বাঁশের দোকান। বাঁশের দোকানগুলোয় অবশ্য হাট ছাড়াও বেচাবিক্রি হয়। তবে হাটবার ত্রিমোহনী, ডেমরা, ইছাপুরা, মুন্সিগঞ্জ, বেরাইদ, তারাব ও রামপুরার আশপাশের এলাকা থেকে বিক্রেতারা হাটে আসেন। দেখা যায়, নৌকায় করে পণ্য নিয়ে আসা এসব বিক্রেতা ঘাটে নৌকা ভিড়িয়ে সড়কের পাশে পণ্য সাজিয়ে বসেছেন।
বিভিন্ন জাতের কলা পাওয়া যায় এ হাটে। দেখা গেছে সদ্য গাছ থেকে কাটা কলার কাঁদি ট্রলার থেকে নামানো হচ্ছে। নামানো হচ্ছে মাটির তৈজসপত্র। হাটে আরও পাওয়া যায় পেয়ারা, বেল, কুল, পেঁপেসহ নানান দেশি মৌসুমি ফল। ফল বিক্রেতা ইয়াসিন মিয়া বলেন, ‘ডেমরা থেকে ফল নিয়ে আসছি। আজকে দেশি বড়ই, পেঁপে, কলা নিয়ে আসছি। সন্ধ্যার মধ্যে সবই বিক্রি হয়ে যাবে। নানান জিনিসপত্র নিয়ে আমরা প্রায় ১৫ জন আসছি। গত ১০-১২ বছর ধরে আসি।’
ঢাকার কয়েকটি বড় বড় কবুতরের হাটের মধ্যে মেরাদিয়ার হাট একটি। এই হাটে বিভিন্ন প্রজাতির কবুতর পাওয়া যায়। কবুতরের হাটটি মূলত বসে ফয়জুর রহমান স্কুলের সামনে। এখানে কবুতর ছাড়াও হাঁস, দেশি মুরগি বিক্রি হয়।
মেরাদিয়া হাটের অন্যতম মূল আকর্ষণ হলো হরেক পদের মিষ্টির সমাহার। মিষ্টির সম্ভারে রয়েছে—বালিশ, রসগোল্লা, চমচম, গজা, দই, লাড্ডু প্রভৃতি। এ ছাড়া মুড়ি, মুড়কি, নিমকি তো আছেই।
গোড়ান থেকে হাটে আসা জুবায়ের আহমেদ বলেন, ‘প্রায় ১৫ বছর ধরে এই হাটে আসি। এখানে টাটকা সবজি ও দেশি ফল পাওয়া যায়। এ ছাড়া এখানকার মুড়কি ও মিষ্টিও বেশ ভালো। এই হাটে জিনিসপত্র মোটামুটি কম মূল্যে পাওয়া যায়।’
মেরাদিয়া হাট কবে থেকে শুরু, তা ঠিক কেউ বলতে পারেন না। স্থানীয় ব্যক্তিরা জানান, প্রায় ৫০ বছর ধরে এই হাট চলছে। এখানে এক বিরাট বটগাছ ছিল। সেই বটতলায় প্রথম দিকে হাট বসত। তখনো নৌকায় করে দোকানিরা মালপত্র নিয়ে আসতেন।
রামপুরা সেতু থেকে পূর্ব দিকে সোজা যে রাস্তাটি বনশ্রীর দিকে গেছে, এই রাস্তা ধরে সামনে এগোলেই মেরাদিয়ার হাট। রামপুরা সেতু থেকে হাটে আসতে রিকশা ভাড়া ২৫-৩০ টাকা। টেম্পোতেও যেতে পারেন। সে ক্ষেত্রে খরচা হবে আট টাকা।