রাজধানীতে সাবেক সাংসদসহ আটক ২৪
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পুলিশ বিএনপির সাবেক সাংসদসহ ২৪ জনকে আটক করেছে। আজ রোববার সকাল থেকে এঁদের আটক করা হয়।
বেলা ১১টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে জাতীয়তাবাদী মহিলা দলের তিন নেতা-কর্মীকে আটক করে পুলিশ। তাঁরা হলেন সাবেক সাংসদ রওশন আরা ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদিয়া হক ও জান্নাতুল ফেরদৌস।
একই সময়ে প্রেসক্লাব এলাকা থেকে পুলিশ ১৫ জনকে আটক করেছে। পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার শিবলী নোমান জানান, নিরাপত্তার স্বার্থে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে আটক করা হচ্ছে। আটক ১৫ জনকে রমনা থানায় রাখা হয়েছে।
বেলা সোয়া ১১টার দিকে মালিবাগ রেলক্রসিং এলাকা থেকে চারজনকে আটক করে পুলিশ। মালিবাগ রেললাইনের কাছে বেলা সাড়ে ১১টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল বের করেন। তাঁরা রাস্তায় আগুন জ্বালান। ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
সকাল ১০টার দিকে বিজয়নগরের নাইটিঙ্গেল মোড়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার অভিযোগে আবু তাহের ও ইসমাইল নামের দুজনকে আটক করেছে পুলিশ। ইসমাইল ছবি তুলছিল। পুলিশ তাঁর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে সংবাদকর্মী দাবি করেন। কিন্তু তিনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি। এঁদের দুজনকে পল্টন থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।