রাজধানীতে সেনাসদস্যের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কুড়িলে অচেতন অবস্থায় উদ্ধারের পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছেন এক সেনাসদস্য। তিনি করপোরাল তাজেরুল ইসলাম (৩৬)। গতকাল বৃহস্পতিবার রাতে খিলক্ষেত থানা এলাকার কুড়িল উড়ালসেতুর নিচে অচেতন অবস্থায় তাঁকে পাওয়া যায়।

দুই মেয়ের জনক তাজেরুল ইসলামের গ্রামের বাড়ি দিনাজপুর জেলার ফুলছড়িপাড়ায়।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন প্রথম আলো ডটকমকে জানান, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুড়িল উড়ালসেতুর নিচের সড়কে তাজেরুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ঢাকা সেনানিবাসে খবর দেন আশপাশের লোকজন। পরে সিএমএইচে নেওয়া হলে রাতে তিনি মারা যান।

ওসি শামীম আরও জানান, সম্ভবত চেতনানাশকে ওই সেনাসদস্যের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ জানতে আজ দুপুর ১২টার দিকে তাজেরুলের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় খিলক্ষেত থানায় অপমৃত্যুর মামলা করেছেন তাজেরুলের ছোট ভাই সুমন আখতার।

সুমন জানান, সম্প্রতি কুমিল্লা সেনানিবাস থেকে তাজেরুল ইসলামকে বান্দরবান জেলায় বদলি করা হয়। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, বান্দরবানে যাওয়ার আগে আনুষঙ্গিক কাজ সারতে গত রোববার ঢাকায় আসেন তাজেরুল। খিলক্ষেত সেনা ট্রানজিট ক্যাম্পে গতকাল সন্ধ্যার পর রাতের খাবার খেয়ে বাইরে বের হন তিনি। এরপর অচেতন অবস্থায় তাঁকে কুড়িলে পাওয়া যায়।