রাজধানীতে স্কুল ছাত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর শ্যামপুরের পোস্তগোলায় গতকাল শুক্রবার দুপুরে আঁখি আক্তার (১৭) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ছাড়া গত বৃহস্পতিবার রাতে তুরাগে কাগজের রোলের নিচে চাপা পড়ে সোহেল (১৫) নামের এক কিশোর মারা গেছে।পারিবারিক সূত্র জানায়, আঁখি আক্তার মা-বাবার সঙ্গে পোস্তগোলার ১৩৬/২, করিমউল্লাহবাগে থাকত। গতকাল দুপুরে আঁখি সবার অজান্তে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না লাগিয়ে ফাঁস দেয়। গোঙানির শব্দ শুনে পরিবারের লোকজন দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে আঁখিকে নামিয়ে দুপুর দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালে আঁখির ছোট ভাই লিখন জানায়, তার বোন আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ সে জানে না।আঁখি শ্যামপুরের আরছিনগেট এলাকায় অবস্থিত ঢাকা কটন মিল হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। তার বাবার নাম মো. লিটন।এর আগে বৃহস্পতিবার রাতে তুরাগ থানার বাসনারটেকে প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ফ্যাক্টরিতে ব্যবহারের জন্য কাগজের রোলভর্তি ভ্যান কারখানায় আসছিল। এ সময় কয়েকটি রোল পথচারী সোহেলের ওপর পড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ব্যাপারে তুরাগ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।