রাজধানীতে স্কুলছাত্রীসহ তিনজনের অপমৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল শুক্রবার এক ছাত্রীসহ তিনজনের অপমৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে সবুজবাগে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী এবং রামপুরায় ভবন থেকে পড়ে এক রডমিস্ত্রি মারা গেছেন। দারুসসালাম থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সবুজবাগ থানার অতীশ দীপংকর রোডে গাবতলী-যাত্রাবাড়ী পথে চলাচলকারী লাব্বাইক পরিবহনের একটি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মোয়াজ্জেম হোসেন (৪২) ঘটনাস্থলে নিহত হন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যান।সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) কলিন্দ্র গোলদার বলেন, মোয়াজ্জেমের বাসা নারায়ণগঞ্জে। তিনি স্যানিটারির ব্যবসা করতেন। ঢাকায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এদিকে সকাল আটটার দিকে শনির আখড়ায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক হাসান এবং যাত্রী শামীম, জলিল, মো. হানিফ, শামসু মৃধা ও গোলাম রহমান আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, বিকেলে পশ্চিম রামপুরার উলনবাজার স্কুলসংলগ্ন একটি ভবনের ছয়তলায় কাজ করার সময় মাচান ভেঙে নিচে পড়ে রডমিস্ত্রি চান মিয়া গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। তিনি পূর্ব রামপুরার জামতলায় থাকতেন।দারুসসালাম থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বলেন, দুপুরে সিঅ্যান্ডবি স্টাফ কোয়ার্টার থেকে পলি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে এর কারণ জানা যায়নি। সে স্থানীয় একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়ত।