রাজধানীতে স্টিলের কারখানায় আগুন, চারজন অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় একটি স্টিলের কারখানায় আগুনের ঘটনায় চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

অগ্নিদগ্ধ ব্যক্তিদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। 

আল আকসা স্টিল মিল নামের ওই কারখানার আহত চারজন হলেন সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, মেকানিক্যাল তত্ত্বাবধায়ক মোর্শেদ খান এবং অপারেটর মোবারক হোসেন ও হুমায়ুন কবীর। মোর্শেদকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। বাকি তিনজন চিকিত্সাধীন।

হারুনুর রশিদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সারুলিয়ার গলাকাটা নামক স্থানে দুই তলার ভবনে তাঁদের কারখানা। দুপুর ১২টার দিকে তাঁরা কয়েকজন দ্বিতীয় তলায় কাজ করছিলেন। হঠাত্ বিস্ফোরণের শব্দ হওয়ার পর চারদিকে আগুন ছড়িয়ে যায়। এতে তাঁরা অগ্নিদগ্ধ হন। কারখানার অন্য কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ডেমরা ফায়ার স্টেশনের তত্ত্বাবধায়ক মিরন মিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ওই কারখানার দুই তলায় চারটি বিদ্যুত্ নিয়ন্ত্রণকক্ষ আছে। শর্টসার্কিটের কারণে তার একটি আগুনের সূত্রপাত হয়। আগুন বৈদ্যুতিক তারের মাধ্যমে চারদিকে ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়াস সার্ভিস কর্মীরা সেখানে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

মিরন মিয়া বলেন, ওই বৈদ্যুতিক কক্ষটিতে তারের সংযোগে সমস্যা থাকতে পারে। বৈদ্যুতিক কাজ করার কারণে সেখানে শর্টসার্কিটের সৃষ্টি হয়। হঠাত্ করে আগুন ধরায় বিস্ফোরণের শব্দ হয়েছে।